একসময় ছিল বন্ধু রাষ্ট্র, কিন্তু এখন বাজছে যুদ্ধের দামামা। সীমান্তজুড়ে বইছে তুমুল উত্তেজনা, আতঙ্কে ঘর ছেড়েছেন বহু বাসিন্দা। কথা হচ্ছে, এশিয়ার দুই মুসলিমপ্রধান দেশ পাকিস্তান ও আফগানিস্তানের। বর্তমানে দেশ দুইটির মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে। তবে যেকোনো সময় ভেস্তে যেতে পারে এই যুদ্ধবিরতি। প্রতিবেশী দেশ দুইটির মধ্যে মধ্যে বড় আকারে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
সম্প্রতি দেশ দুইটির মধ্যে সংঘর্ষের সূত্রপাত, গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি তবে আফগানিস্তানের তালেবান সরকার পাক বাহিনীকে দায়ী করে বিবৃতি প্রকাশ করে।
পরবর্তীতে গত শনিবার পাকিস্তানি ঘাঁটি লক্ষ্য করে সীমান্তে অতর্কিতে হামলা চালায় তালেবান বাহিনী। তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতিশোধ নিতেই সীমান্তে পাকিস্তানি বাহিনীর উপর হামলা করা হয়েছে। এতে পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যার দাবি করে তালেবান সরকার। সেইসঙ্গে পাকিস্তানি বাহিনীর ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার হয় বলে জানায় আফগানিস্তান।
তবে পাকিস্তান স্বীকার করে, আফগানিস্তানের হামলায় তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে। পাকিস্তান সরকার এই হামলাকে উসকানিমূলক উল্লেখ করে চলতি সপ্তাহে আফগানিস্তানে ফের হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, হামলায় তালেবানের দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। শেষমেশ তুমুল উত্তেজনার মধ্যে দেশ দুইটির মধ্যে গতকাল বুধবার থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়।
তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবার পাল্টাপাল্টি হামলা শুরু হতে পারে। এতে বড় ধরনের যুদ্ধে লিপ্ত হতে পারে প্রতিবেশী এই দুই দেশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি কতদিন টিকে তা নিয়ে দুই দেশের মানুষেরই আশঙ্কা রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, দুই দেশের নাগরিকেরা পরস্পরকে আক্রমণ করে পোস্ট দিচ্ছেন।






Add Comment