ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাসের মেডিক্যাল কমপ্লেক্স নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে খান ইউনিসের বানি সুহেইলায় ইসরায়েলি বাহিনী ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে। এতে একজন নিহত হন।
এ ছাড়া গাজা সিটির সায়েন্স অ্যান্ড টেকনোলজি এলাকার কাছে আহত একজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে একইদিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে বানি সুহেইলা এলাকায় অন্তত দুইজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় ‘যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি উল্লেখ করেন যে যুদ্ধ সমাধানে আমিই ভালো। শান্তির জন্য আমি ভালো।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালালে ১২শ মানুষ নিহত হয়। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে ২৫১ জনকে জিম্মি করেছিল। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৮ হাজারই শিশু বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
অবশেষে ট্রাম্পের হস্তক্ষেপ গত শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের দীর্ঘ দুই বছরের সংঘর্ষ অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।






Add Comment