বিশেষ প্রতিনিধি: কাস্টমসের যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবিরের ব্যাংক হিসাব জব্দ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। আয়কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব জাতীয় অর্থনীতিকে এই তথ্য নিশ্চিত করেছেন। মো. সানোয়ারুল কবির বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। ১৮ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
মোহাম্মদ আবদুর রকিব জানিয়েছেন, মো. সানোয়ারুল কবিরের কয়েক বর্ষের আয়কর বিবরণী যাচাই করছে গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিকভাবে আয়কর ফাঁকির প্রমাণ পাওয়ায় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত শেষে ফাঁকির পরিমাণ জানানো হবে। উল্লেখ্য, এই কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সূত্রমতে, বিসিএস (শুল্ক ও আবগারি) ৩০তম ব্যাচের এই কর্মকর্তাকে সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়। চলতি বছরের ১৮ আগস্ট এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এনবিআরে সংযুক্তি দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ১২ মে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করে। মো. সানোয়ারুল কবির এই অধ্যাদেশ জারির বিরোধীতা করে এনবিআর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এবং আয়কর বিভাগের বিভাগের কর্মচারীদের কর্মসূচি চলাকালীন দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা প্রদান। এবং কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করতে সংগঠকের ভূমিকা পালনের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্থ করেন। যার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী মো. সানোয়ারুল কবিরকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।






Add Comment