ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। পরে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।
কলেজ সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে ভালোবাসার প্রস্তাব দেয় দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। একই মেয়েকে পছন্দ করেন প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মানসিক দ্বন্দ্ব চলছিল। সোমবার সকাল ১০টার দিকে কলেজ চত্বরে মুখোমুখি অবস্থানে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের সময় স্থানীয় কিছু বিক্ষুব্ধ যুবক কলেজের টিনশেড সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, “একজন মেয়েকে দুজন ভালোবাসে—এই বিষয় নিয়েই সকাল থেকে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।”
জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে কলেজ পরিচালনা কমিটির জরুরি বৈঠকে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “এক মেয়েকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।”
—জা.অর্থনীতি/আরএস






Add Comment