নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামবাজারের এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারীকে কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) অভিযানকালে এই আদেশ দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, এ সময় কাজী নজমুজ্জামান, ফায়ারের জোন কমান্ডার ফয়সালুর রহমান, মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নজমুজ্জামান জানান, ঢাকায় বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ফায়ারের এই কর্মকর্তা আরও জানান, আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করায়, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন সরকারি নির্দেশনা পালন না করায় এই শাস্তি দেওয়া হয়।
কাজী নজমুজ্জামান বলেন, সচেতনতা বাড়ানোর বহুমুখী কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদারের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্নি-নিরাপত্তা বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।






Add Comment